০৫ মার্চ, ২০১৬ ২২:৫৫
নিজের দেড় বছর বয়সী শিশুকে জবাই করে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা।
শনিবার কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক মা ছালমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, প্রায় দেড়যুগ আগে বছর আগে জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টাম্মি আখন্দপাড়া গ্রামের মো. আবুল কালামের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের আসাদ মিয়ার মেয়ে ছালামা আক্তারের।
বিয়ের পর থেকেই ছালমা আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। আর এজন্য অধিকাংশ সময়ই তিনি বাবার বাড়িতে অবস্থান করতেন। কালাম ও ছালমার সংসারে আসে তিন মেয়ে ও এক ছেলে সন্তান।
১৪/১৫ দিন আগে দেড় বছরের কোলের শিশু মাহথিরকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে ছালমা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন ঘরের বাইরে গেলে কোলের শিশু মাহথিরকে দা দিয়ে জবাই করে হত্যা করে ছালমা।
পুলিশ নিহত শিশু মাহথিরের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বলেন, বিষয়টি দুঃখজনক। শিশুটির মা হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে যথাযথ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাউদ্দিন জানান, কয়েকদিন আগেও ছালমা আক্তার কোলের ওই শিশুটিকে পুকুরের পানিতে ফেলে মারার চেষ্টা করে। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে দৌঁড়ে এসে তখন শিশুটিকে বাঁচিয়েছিল।
আপনার মন্তব্য