০৭ মার্চ, ২০১৬ ১১:৩৭
মাগুরায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আমিনুল ইসলাম ওরফে লিটন ডাকাত নামে আন্তজেলা ডাকাত দলের এস সদস্য নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদর উপজেলার কছুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি নাইন এমএম পিস্তল, গুলি, ম্যাগজিন, রামদা-চাপাতি উদ্ধার করেছে।
নিহত লিটন মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সোমবার ভোররাতে ঢাকা- খুলনা মহাসড়কের কছুন্দি এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, পরে ঘটনাস্থলে লিটন ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। লাশের পাশ থেকে একটি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড পিস্তল ও ৯ রাউন্ড বন্দুকের গুলি, একটি ম্যাগজিন, ২টি রামদা, ১টি, চাপাতি, গাছকাটা করাত, সাবল উদ্ধার করা হয়।
এ সময় তাজ উদ্দিন, কামরুল, মামুন ও লাল মিয়া নামে পুলিশের ৪ জন সদস্য আহত হন। তাদের মাগুরা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত লিটনের নামে মাগুরা সদর থানা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আপনার মন্তব্য