সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৬ ১৯:৫৪

তনুর জন্যে সাংস্কৃতিক সমাবেশ, রোববার রোডমার্চ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ মার্চ)  বিকাল ৩টায় গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত'র সঞ্চালনায়  সাংস্কৃতিক সমাবেশ শুরু হয়।  শুরুতেই যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতামূলক পথনাটক পরিবেশন করে নাট্যদল "বটতলা"।

সমাবেশের একপর্যায়ে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, "আজ স্বাধীনতা দিবস, আমাদের সবার উৎসব করার কথা। কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও মানুষের জীবনের নিরাপত্তা নেই, নারীদের নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করার স্বাধীনতা নেই। আজ উৎসবে মুখর হওয়ার বদলে আমাদের বোন তনু হত্যার প্রতিবাদে সারাদেশ আজ বিক্ষুব্ধ। তনু হত্যার প্রতিবাদে এবারের স্বাধীনতা দিবসে বরাবরের মতো স্বাধীনতা কনসার্ট এর বদলে এবার আমরা প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের কর্মসূচি পালন করছি"।

তনু হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ ঘোষিত রোববারের (২৭ মার্চ) কুমিল্লা রোডমার্চের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা জানতে পেরেছি, নানা মহল থেকে কুমিল্লার প্রতিবাদী জনগণকে বাধা দেয়া হচ্ছে। তাই আমরা ২৭ মার্চ, শাহবাগ প্রজন্ম চত্বর থেকে রোডমার্চ নিয়ে কুমিল্লা অভিমুখে রওয়ানা হচ্ছি। তনু হত্যার বিচারের দাবিতে পথে নানা জায়গায় আমরা পথসভা করবো, জনসমর্থন তৈরি করবো। কুমিল্লার প্রতিবাদী জনগণের সাথে একাত্মতা ঘোষণা করবো। আমরা দেখতে চাই, কারা ধর্ষকদের  পক্ষ নিয়ে প্রতিবাদী  জনতাকে বাধা দিচ্ছে।"

তিনি বলেন, "গতকাল (শুক্রবার) তনু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে আমরা শান্তিপূর্ণভাবে একঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছি। আমরা জানিয়ে দিতে চাই, যদি দ্রুত তনুর খুনিদের গ্রেফতার করে বিচার না করা হয়, তাহলে একঘণ্টার প্রতীকী অবরোধ নয়, বিচার না পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় আমরা অবরুদ্ধ করে রাখবো"।

ইমরান এইচ সরকার বলেন, "তনু হত্যাকাণ্ডের পর আজ পাঁচদিন হতে চললো, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। সেনানিবাসের মতো সংরক্ষিত এলাকায় যেহেতু ধর্ষণ আর খুনের ঘটনা ঘটেছে, জনমনে সন্দেহ জেগেছে যে প্রভাবশালী কেউ এই ঘটনার জন্য দায়ী। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে প্রশাসনকেই প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। যেহেতু সেনানিবাসে এই হত্যাকাণ্ড ঘটেছে, অপরাধীকে দ্রুত খুঁজে বের করার দায়িত্ব সেনাবাহিনীর উপরেও বর্তায়। এমনকি কোনো সৈনিকও যদি জড়িত থাকে,  তারও বিচার করতে হবে।"

তিনি বলেন, "অপরাধীরা যারাই হোক, যতো ক্ষমতাশালীই হোক, তাদের বিচার হতে হবে। নাহলে কুমিল্লায় মহাসড়কে যেমন অবরোধ হয়েছে, শাহবাগে যেমন অবরোধ হয়েছে, তেমনি ন্যায়বিচারের দাবিতে প্রয়োজনে সারা বাংলাদেশ অবরুদ্ধ হবে। আমি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, নিজের পরিবারের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সারা বাংলাদেশে গণ-আন্দোলন গড়ে তুলুন। শুধু কুমিল্লায় রোডমার্চ নয়, সকল মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।"

ইমরান বলেন, "স্বাধীনতার এত বছর পরে রেললাইনের ধারে মানুষকে ঘুমাতে হয়, জীবনের নিরাপত্তা  নেই, একের পর এক খুন-ধর্ষণ, এসব আমাদের জন্য খুবই লজ্জাজনক। আজকে বাঙালি-অবাঙালি, নারী-পুরুষ নির্বিশেষে সকল ধর্ম এবং শ্রেণিপেশার মানুষকে এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে"।

সাংস্কৃতিক সমাবেশে বিভিন্ন একক শিল্পী এবং ব্যান্ডের পরিবেশনা, নাটক, বক্তৃতা এবং তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগান।

রোববার ২(৭ মার্চ) সকাল ৮টায় তনু হত্যার প্রতিবাদে শাহবাগ থেকে কুমিল্লার উদ্দেশে রোডমার্চ শুরু করবে গণজাগরণ মঞ্চ।

আপনার মন্তব্য

আলোচিত