২৬ মার্চ, ২০১৬ ২১:৪৫
সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা ফণি ভূষণ চৌধুরী (৭১) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শনিবার (২৬ মার্চ) বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি থেকে তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন।
হাসপাতালের বোন মেরু ট্রান্সপ্লান্ট ইউনিটের চিকিৎসক অধ্যাপক এম এ খান এই তথ্য নিশ্চিত করেন।
ফণি ভূষণের ছোট ভাই নবেন্দ্র চৌধুরী জানান, ফণি ভূষণ ঢাকার রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টার মেঘনা-২-এ থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালীবাড়ি।
ফণি ভূষণের মৃত্যুর সংবাদ শুনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা ঢাকা মেডিকেলে তাকে দেখতে যান।
১৯৮২ বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা ফণি ভূষণ ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সমন্বয়ক নিযুক্ত হন। এর আগে অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৩ সালে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। ওই পদ থকে ২০১৪ সালের ১০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান। এরপর ওই বছর ২৪ নভেম্বর তিনি পিএসসির সদস্য পদে যোগ দেন।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফণি ভূষণের মরদেহ রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত রাখা হবে পিএসসিতে।
সৎকারের জন্য তার মরদেহ সোমবার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে নেওয়া হবে।
আপনার মন্তব্য