সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৬ ২১:৫২

তনু হত্যা মামলা ডিবিতে

হত্যাকাণ্ডের এক সপ্তাহেও আসামি শনাক্ত না হওয়ায় ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে মামলাটি  ডিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানান  জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম মনজুর আলম।

মামলাটি ডিবিকে দেয়ার বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন শনিবার বলেন, “হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করার জন্যই ঘটনার তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে শনিবার বিকেলে ক্যান্টনমেন্ট বোর্ডের বাসা থেকে তনুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করেন তনুর বাবা ইয়ার হোসেন।

২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে এ ব্যাপারে তনুর বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন। সোচ্চার হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত