২৬ মার্চ, ২০১৬ ২১:৫৫
বাংলাদেশের ইতিহাস নিয়ে আবারও ভুল তথ্য উপস্থাপন করল ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার।
২৫ মার্চ সংবাদপত্রটিতে বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যাতে শুরুতেই লেখা হয়েছে, "পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি আবু সঈদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।" অথচ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে। সেই সরকারের রাষ্ট্রপতি করা হয় তখন পাকিস্তানের কারাগারে বন্দি থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিবনগর সরকার হিসেবে পরিচিত এটিই বাংলাদেশের প্রথম সরকার। ১১ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত বঙ্গবন্ধুই ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। পরবর্তীতে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে বিচারপতি আবু সঈদ চৌধুরীকে রাষ্ট্রপতি করা হয়।
গত ২৫ মার্চ পত্রিকাটির আন্তর্জাতিক পাতায় অমিত বসু নামের এক সাংবাদিক "বাংলাদেশের হবু রাষ্ট্রপতি সুরেন্দ্রকুমার?" শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনটিতে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহাকে "হবু" রাষ্ট্রপতি আখ্যা দিয়ে বলা হয় শেখ হাসিনার সরকার তাকে রাষ্ট্রপতি বানাতে চাইছেন। কিন্তু মূলত বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হবার এখনো অনেক দিন বাকি। পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে কোন জল্পনাও নেই বাংলাদেশে।
এর আগে একই পত্রিকা ভারতের ক্ষমতাসীন এক বিজেপি নেতার বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সাক্ষাৎ এর খবর প্রচারে বলা হয়, বঙ্গবন্ধু নাকি মুক্তিযুদ্ধের সময় আত্মগোপনে থাকাকালীন ভারতীয় বাহিনীর অভিযান দেখেছিলেন। অথচ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালেই ২৫ মার্চ দিবাগত রাতে (২৬ মার্চ প্রথম প্রহরে) বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায় পাকিস্তানের হানাদার বাহিনী। গ্রেপ্তারের আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু।
মুক্তিযুদ্ধের বিজয় লাভ করার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে ফেরেন। যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আপনার মন্তব্য