৩০ মার্চ, ২০১৬ ১৩:১৫
মহাসচিবের দায়িত্ব পেয়েই কারাগারে যেতে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পল্টন থানার নাশকতার তিন মামলার মধ্যে দু’টিতে জামিন নামঞ্জুর করে বিএনপির মহাসচিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে বুধবার (৩০ মার্চ) সকালে জামিনের আবেদন জানান মির্জা ফখরুল। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জানান, পল্টন থানার নাশকতার ৪/১-২০১৫ নম্বর মামলায় জামিন দিলেও ৫/১-২০১৫ ও ৭/১-২০১৫ নম্বর মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ।
এর আগে সকালে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার কথা জানান।
আপনার মন্তব্য