সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০১৬ ১৫:১৬

শাহবাগে লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ, আহত ৭

শাহবাগ মোড়ে সড়ক অবরোধকারী নার্সদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ সময় পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামানে আহত ৭ অবরোধকারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা হলেন- আসমা আক্তার (২৫), মুকুল (২৬), ইমরান (২৫), অম্বিকা (২৫), আবদুল লতিফ (২৭), সাইফুল ইসলাম (২৯), সালাউদ্দিন (২৮)। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শাহবাগ এলাকায় আবার যান চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর বর্তমানে থেমে থেমে যানবাহন চলছে। ছত্রভঙ্গ অবরোধকারীদের অনেককে শহীদ মিনার এলাকার দিকে যেতে দেখা গেছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামন জানান, জনদুর্ভোগ ও যানজটের কথা বিবেচনা করে প্রথমে অবরোধকারীদের সড়ক থেকে সরার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা তাদের অবস্থানে অনড় থাকলে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।

এর আগে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)।

অবরোধে শাহবাগের মূল রাস্তার সবদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী-শিক্ষক, অফিসগামী মানুষসহ ওই পথ দিয়ে চলাচলকারীরা।

আপনার মন্তব্য

আলোচিত