৩১ মার্চ, ২০১৬ ১৫:২১
“খুন, ধর্ষণ, নিপীড়ন; রুখবে বাংলার জনগণ” এই শ্লোগানে, তনু হত্যার বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডসহ চারদফা দাবিতে আগামীকাল ১ এপ্রিল, শুক্রবার সারাদেশে নাগরিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয়ভাবে বিকাল তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে এই কর্মসূচী পালিত হবে।
শাহবাগে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচী ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
চার দফা দাবির মধ্যে আছে:
১) অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২) হাইকোর্ট কর্তৃক প্রণীত “যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা” বাস্তবায়ন করতে হবে।
৩) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে।
৪) সকল নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চারদফা দাবি আদায়ের লক্ষ্যে এই নাগরিক সমাবেশ কর্মসূচীতে যোগ দেয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ইমরান এইচ সরকার। তিনি বলেন, “ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, যারা রাজপথে তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবন বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সনাইকে নিজ নিজ প্রতিষ্ঠান, সংগঠনের ব্যানারে আগামীকালের নাগরিক সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। একইসাথে সারাদেশের সকল গণজাগরণ মঞ্চসহ অন্যান্য সংগঠন ও সাধারণ জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি”।
তিনি আরো বলেন, “ন্যায়বিচার পেতে হলে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই, আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদই পারবে তনুর খুনি ও ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে”।
এদিকে চারদফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী আগামীকাল থেকেই শুরু হবে। সারাদেশে একযোগে চলবে গণস্বাক্ষর সংগ্রহের কাজ। মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের পর মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার বরাবর পেশ করা হবে।
স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে গণসমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচী সফল করে নারীর প্রতি সব ধরণের সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধ হতে সর্বস্তরের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আপনার মন্তব্য