সিলেটটুডে ডেস্ক

০১ এপ্রিল, ২০১৬ ১৫:২৯

'সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষাই জাতির অস্তিত্ব রক্ষা'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সংখ্যালঘুরা নির্যাতিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বসে থাকবেন এটা ভাবার কোনো কারণ নেই। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষাই জাতির অস্তিত্ব রক্ষা। তাদের অস্তিত্ব বিপন্ন করে আমি নিরাপদ থাকবো, এটা হতে পারে না।’

শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

এ সময় সংখ্যালঘু প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের অস্তিত্বের কিছু সংকট থাকে। বৃটেন, ইউরোপ, দক্ষিণ আফ্রিকাতেও আমি এ সংকট দেখেছি।’

বৃটেনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ওইসব জায়গায় বর্ণবাদী নির্যাতন রয়েছে।

সৈয়দ আশরাফ‍ুল ইসলাম বলেন, ‘সংবিধানে বলা আছে- সকল মানুষের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার কথা। হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘর-বাড়ি উচ্ছেদ করে দেওয়া কোনো সভ্যতার অংশ হতে পারে না। এটা প্রতিরোধ করতে হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সংবিধান লঙ্ঘন করা হয়েছে। অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করা হয়েছিলো। ওই সময় তারা ভেবেছিলো সব শেষ।

‘কিন্তু আজ দেখছে শেষ হয়েও শেষ হলো না। এরপরও যখন সংখ্যালঘু নির্যাতনের খবর পাই, আমরা কষ্ট পাই।’  

আপনার মন্তব্য

আলোচিত