সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৬ ১৮:০৬

বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে হুমকির মুখে থাকা ব্লগারদের কাউকে কাউকে আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এ খবর দিচ্ছে।

বাংলাদেশে আরও একজন অনলাইন এক্টিভিস্টকে ‘বর্বরোচিত কায়দায়’ হত্যার তীব্র নিন্দা করেছেন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র।

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দীন সামাদকে গত বুধবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়।

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেসবুকে ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে নাজিমুদ্দীন সামাদের জীবনের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই শংকা ছিল। এজন্যে তাঁকে লেখালেখি করতে নিষেধও করেছিলেন তারা।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখাপাত্র মার্ক টোনার এই হত্যার নিন্দা করে বলেছেন, সহিংস জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামের পাশে আছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশি ব্লগার, যারা বিপদের হুমকিতে আছেন, তাদেরকে মানবিক আশ্রয় দেয়ার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্লগারকে ‘হিউম্যানিটারিয়ান প্যারোলের’ আওতায় আশ্রয় দেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে।

উল্লেখ্য লেখকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন’ এর যুক্তরাষ্ট্র শাখার কারিন ডয়েশ কার্লেকর যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের ব্লগারদের এর আওতায় আশ্রয় দেয়ার জন্য।

বিপদের মুখে আছে এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে সাময়িক আশ্রয় দেয়ার জন্য ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’ ব্যবহার করা হয়।



আপনার মন্তব্য

আলোচিত