০৮ এপ্রিল, ২০১৬ ২০:৫৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড বা ব্লগার হত্যা হলেই গণতন্ত্র ধ্বংস হয়ে যায় না, গণতন্ত্র কোনো কাচের গ্লাস নয়’।
শুক্রবার (০৮ এপ্রিল) বিকেলে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকাণ্ড, ব্লগার হত্যার পর ‘গণতন্ত্র গেল’ বলে যারা শোরগোল করেন, তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে।
সম্প্রতি নিজ দলেই গণতন্ত্রহীনতার কারণে প্রশ্নবিদ্ধ জাসদ সভাপতি ইনু বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা।
বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার চেয়েও নিরাপদ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা বাংলাদেশের চেয়ে ইউরোপ-আমেরিকায় অনেক বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামাতে আহ্বান জানান ইনু। তিনি বলেন, আপনি (বারাক ওবামা) কিছু বলার আগে আয়নায় নিজের চেহারাটা একবার দেখে নিন।
সেগুনবাগিচায় সাগর-রুনি মিলনায়তনে এ আয়োজনে আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।
গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীতে অনলাইনে লেখালেখি করা নাজিমুদ্দিন সামাদের হত্যার পর বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে জাতিসংঘ সহ বিশ্বের কয়েকটি মানবাধিকার সংগঠন।
আপনার মন্তব্য