সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৬ ২১:৩৩

তনু হত্যার বিচার দাবিতে সংসদমুখী পদযাত্রা করবে গণজাগরণ মঞ্চ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে আগামী ৫ মে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে আয়োজিত এক সংহতি সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তনু হত্যাসহ সকল হত্যা, ধর্ষণ, লুটপাটের ঘটনা 'ধামাচাপা দেয়ার অপচেষ্টার' প্রতিবাদে সমাবেশটি আয়োজন করে গণজাগরণ মঞ্চ। এতে শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

তনু হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, 'আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ মে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করা হবে।'

তিনি বলেন, 'সারাদেশ থেকে তনু হত্যার বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ চারদফা দাবিতে কোটি গণস্বাক্ষর নিয়ে ৫ মে সকাল ১১টায় এই পদযাত্রা হবে।'

ডা. ইমরান বলেন, 'রিজার্ভ লুট, তনু হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদকারী নাজিমুদ্দিন হত্যা, কোনো ঘটনারই বিচারের কোনো খবর নেই। একের পর এক ঘটনা ধামাচাপার যে সংস্কৃতি শুরু হয়েছে, তা বিচারহীনতার অপসংস্কৃতিকে স্থায়ী রূপ দিচ্ছে। জনগণ বুঝে গেছে, একটি ঘটনা ঘটলে তাকে আড়াল করার জন্য কিছুদিনের মধ্যেই আরেকটি ঘটনা ঘটানো হবে।'

তিনি বলেন, 'এখন অপরাধীদের বিচার হয় না। যারা অপরাধের প্রতিবাদ করেন তাদেরকে লাশ হতে হয়। আজকে শুধু লেখক-প্রকাশক বা ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত নয়, দেশের প্রত্যেক মানুষই অনিরাপদ।'

বিচারপ্রার্থীদের হেনস্থার কথা উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, 'তনুর বাবা-মাকে তদন্তের নামে যেভাবে হেনস্থা করা হলো, তাতে এই বার্তা দেয়া হলো, যেন মানুষ অন্যায়ের বিচার না চায়।'

তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্ষক, লুটেরাদের পক্ষ নেয়া নয়। আমাদের পূর্বসূরিরা, মুক্তিযোদ্ধারা এদেশের আড়াই লক্ষ নারীকে ধর্ষণের প্রতিবাদে, অবিচার, শোষণের প্রতিবাদে যুদ্ধ করেছে। তরুণদের সামনে দৃষ্টান্ত হচ্ছেন তারা। আজকে তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের অনুসরণ করবে।'

ধর্ষক-লুটেরাদের বিরুদ্ধে রাস্তায় এসে প্রতিবাদ করাই মুক্তিযুদ্ধের চেতনা বলে এ সময় মন্তব্য করেন তিনি।

গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসূলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য দেন শম্পা বসু, ভাস্কর রাসা, ইমরান হাবিব রুমন, লাকি আক্তার, মুশতাক আহমেদ, গৌতম ঘোষ প্রমুখ।

সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত