০৯ এপ্রিল, ২০১৬ ১৪:৫৯
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মো.মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার সকাল ৯টা থেকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে।
সিআইডি কার্যালয় সূত্র জানায়, তনু হত্যা মামলার তদন্তের সার্থে দ্বিতীয় ধাপে তৃতীয় বারের মতো ক্যান্টনম্যান্ট বোর্ডের এক্সিকিউটিভ সিইও মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর আরো দু’একজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
তনু হত্যা মামলা তদন্ত সহায়ক দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ পিপিএম সিইও মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছেন।
তার সঙ্গে আছেন, কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, সিআইডি ঢাকার সিনিয়র এএসপি এহসান উদ্দিনসহ আরো একাধিক কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন তনুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ৩১ মার্চ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।
এদিকে তনু হত্যার বিচারের দাবীতে সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আপনার মন্তব্য