সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৬ ০১:২৬

যুদ্ধাপরাধীদের ন্যায় ব্লগার হত্যাকারীদেরও বিচার নিশ্চিত করা হবে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের ন্যায় ব্লগার হত্যাকারীদের বিচারও নিশ্চিত করবে।

মন্ত্রী শনিবার পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসরাম বকুল পৌর মুক্তমঞ্চে সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন উপলক্ষে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের ৪র্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনা জেলা প্রশাসন ও সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সূচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল চলছে।
পাবনার জেলা প্রশাসক ও সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের আহবায়ক রেখা রানী বালার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের এমপি মো. মকবুল হোসেন, প্রখ্যাত অভিনেত্রী সুজাতা আজিম, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সভাপতি এডভোকেট মনজিল মোর্শেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ কুমার প্রামাণিক, সাংবাদিক সরোয়্রা উল্লাস, সিফাত রহমান সনম।

তথ্যমন্ত্রী বলেন, পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটিকে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা হবে। তিনি বলেন, এ সরকার একদিকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার করছে এবং অন্যদিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শিল্প সাহিত্য সংস্কৃতিকে সঠিক পথে চর্চা করার চেতনা বেগবান করছে।

তিনি বলেন, সরকার বাংলা চলচ্চিত্রের কালজয়ী মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িটি জামায়াতের জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করেছে। মন্ত্রী বলেন, ১৯৭৫-এর পরে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছিল, সাহিত্য সংস্কৃতিকে ভিন্ন পথে পাঠানো হয়েছিল। সেখান থেকে আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। এখন একটা একটা করে যুদ্ধাপরাধীদের বিচার এবং ফাঁসি কার্যকর করে রাজাকার মুক্ত, জঙ্গীবাদ মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সভাপতি ও পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মনিরুজ্জামা, এডিএম সালমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রমুখ।

পরে সুচিত্রা সেন অভিনিত ছবি হসপিটাল প্রদর্শন করা হয়। এর আগে সুচিত্রা সেনের অভিনয়শৈলী এবং পোশাক বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত