সিলেটটুডে ডেস্ক

১২ এপ্রিল, ২০১৬ ১১:০৯

১৫ দিন পর বাসায় ফিরলেন তনু হত্যার ‘প্রথম প্রতিবাদকারী‘ সোহাগ

তনু হত্যার প্রতিবাদে তিনিই নাকি প্রথম প্রতিবাদ করেছিলেন, তারপর থেকে আর তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ১৫ দিন পর সোহাগী জাহাণ তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগ বাসায় ফিরেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল পরিবারের।

সোহাগের বাবা নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বেরিয়ে বাড়ির কাছে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার এলাকায় গিয়েছিলেন। সেখানেই তিনি তার ছেলেকে বাড়ির দিকে আসতে দেখেন এবং বাসায় নিয়ে আসেন।

তবে তিনি জানিয়েছেন, “সোহাগ এতো দিন কোথায় ছিল, কীভাবে বাড়ির কাছে এলো- এসব নিয়ে কিছু বলতে পারেনি।”

এ সময় সোহাগগে ক্লান্ত, বিমর্ষ দেখাচ্ছিল বলেও তাঁর বাবা জানিয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন, "সোহাগ নিখোঁজ ছিল তবে ফিরেছে কিনা আমাকে কেউ জানায় নি"


গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার পর নিজ এলাকায় প্রতিবাদ করেছিলেন সোহাগ। পরে যে প্রতিবাদ সারাদেশব্যাপী ছড়িয়ে পড়ে।  ওই প্রতিবাদের মধ্যেই ২৭ মার্চ সোহাগকে ধরে নিয়ে যাওয়া হয় বলে পরিবার অভিযোগ করে।

তনু হত্যার ঘটনায় সারাদেশ ব্যাপী তীব্র প্রতিবাদ হলেও পুলিশ এখনো কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত