সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৬ ২২:২১

মংলায় পশুর নদীতে নৌ সমাবেশ

সুন্দরবন ও পশুর নদী বাঁচানোর দাবীতে খুলনা জেলার মংলায় পশুর নদীতে নৌ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বিশ্ব ধরিত্রী দিবস’২০১৬ উপলক্ষ্যে সুন্দরবন ও পশুর নদীর জেলেদের নিয়ে এ নৌ-সমাবেশ আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পশুর রিভার ওয়াটারকিপার ।

মঙ্গলবার সকাল ১১ টায় পশুর নদীর চিলা এলাকায় অনুষ্ঠিত নৌ-সমাবেশের সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নুর আলম শেখ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ওয়াটারকিপার বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম এবং মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

প্রধান অতিথির বক্তৃতায় শরিফ জামিল বলেন, গত ২০ দিনে সুন্দরবনে ৩ বার আগুন লেগেছে। এ আগুন লাগার কারণ সবাই জানে সরকার জানে না। সরকার জানলেও সেটার কোন ব্যবস্থা নেয় না। সরকারের সুন্দরবন ব্যবস্থাপনায় যে দেউলিয়াত্ব ও উদাসিনতা রয়েছে তা বার বার প্রমানিত হচ্ছে । আমরা সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই । কিন্তু সুন্দরবন ধ্বংসে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে সরকার নতি স্বীকার করছে । তিনি পশুর নদীতে মাছ আহরন বন্ধের কারনে ক্ষতিগ্রস্ত জেলেদের আর্থিক প্রণোদনা দেয়ার দাবি জানান ।

বিশেষ অতিথি'র বক্তব্য সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন, এই ধরিত্রীকে রক্ষা করার জন্য নদ-নদী, পাহাড়, বন সহ সকল প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে । জীববৈচিত্র্য রক্ষা করতে হবে । উন্নত দেশগুলো তাঁদের প্রকৃতি রক্ষা করছে । আমাদেরকে আমাদের প্রকৃতি সম্পদ, আমাদের সুন্দরবন রক্ষা করতে হবে । আমাদের নদীগুলো বাঁচাতে হবে । তবেই ধরিত্রী বাঁচবে, মানুষ বাঁচবে।

নৌ-সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিলা ইউপি সদস্য আব্দুল হালিম হ্ওালাদার, চিলা ইউনিয়ন জেলে সমবায় সমিতির সভাপতি রনজিত প্রামান্য, চাঁদপাই ইউনিয়ন জেলে সমবায় সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, বাপার তানজিম হোসেন মুকুল, যুগল মল্লিক, মারুফ হোসেন প্রমূখ।  শতাধিক জেলে নৌকা নিয়ে চিলা ও চাঁদপাই ইউনিয়নের জেলেরা নৌ সমাবেশে অংশগ্রহন করেন।

আপনার মন্তব্য

আলোচিত