সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০১৬ ১৪:২৭

মুয়াজ্জিন খুনের ‘পরিকল্পনাকারী’সহ চারজন আটক

পুরান ঢাকায় মসজিদের ভিতর মুয়াজ্জিন খুনের সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে, এদের একজন এই হত্যাকাণ্ডের মূল ‘পরিকল্পনাকারী’ বলে দাবী করেছে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে ধৃতদের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলা হয়।

মঙ্গলবার ভোররাতে এদের আটকের পর বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন  মহানগর পুলিশের কোতোয়ালির সহকারী কমিশনার শাহেনশাহ।

তিনি বলেন, “মঙ্গলবার ভোররাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুয়াজ্জিন হত্যাকাণ্ডে জড়িত চারজনকে ধরা হয়েছে। তাদের মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী রয়েছে।”

গত ৪ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের (৫৭) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ওই মধ্যরাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারনা করছে।

বিল্লাল গত বিশ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি মানিকগঞ্জে।

আপনার মন্তব্য

আলোচিত