অনলাইন ডেস্ক

২০ এপ্রিল, ২০১৬ ২১:৫১

মুক্ত গণমাধ্যম সূচকে বিশ্বে বাংলাদেশ ১৪৪তম

গণমাধ্যমের স্বাধীনতার তথা উন্মুক্ত গণমাধ্যম সূচকের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৪৪তম। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে এ স্থান বাংলাদেশের।

সাংবাদিকদের প্যারিস-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’র বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০১৬ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, আগের বছরের চেয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।

সূচকে বাংলাদেশের স্কোর ৪৫.৯৪ পয়েন্ট, যা গত বছর ছিল ৪২.৯৫। ২০১৫ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম।

এবারও তালিকায় প্রথম অবস্থানে আছে স্ক্যান্ডিনেভিয়ার ফিনল্যান্ড। এবার নিয়ে টানা পাঁচবারের মতো শীর্ষ স্থানটি ধরে রাখলো ফিনল্যান্ড। সর্বশেষ অবস্থানে আছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৪১তম। গত বছর দেশটির অবস্থান ছিল ৪৯তম।

বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোর মধ্যে ভারত ১৩৩তম এবং পাকিস্তান আছে ১৪৭তম অবস্থানে। গত বছরের তুলনায় উন্নতি হয়েছে ভারতেরও। ২০১৫ সালে তারা ১৩৬তম স্থানে ছিল।

এছাড়া নেপাল ১০৫, আফগানিস্তান ১২০, থাইল্যান্ড ১৩৬, ফিলিপাইন ১৩৮, শ্রীলঙ্কা ১৪১, মিয়ানমার ১৪৩ এবং মালয়েশিয়া ১৪৬তম অবস্থানে রয়েছে।

এবারের প্রতিবেদনেই প্রথমবার বিশ্বের প্রায় সব অঞ্চলে সংবাদপত্রের স্বাধীনতা কমার বিষয়টি লক্ষ করা গেছে বলে দাবি করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।

ফিনল্যান্ড ছাড়াও তালিকায় প্রথম দিকে থাকা দেশগুলো হচ্ছে: নেদারল্যান্ডস (৮.৭৬ পয়েন্ট), নরওয়ে (৮.৭৯ পয়েন্ট), ডেনমার্ক (৮.৮৯ পয়েন্ট) ও নিউজিল্যান্ড (১০.১ পয়েন্ট)। ১৮০টি দেশের মধ্যে সূচকে সবচেয়ে নিচের অবস্থান ইরিত্রিয়ার (৮৩.৯২ পয়েন্ট)। এর ঠিক ওপরেই রয়েছে উত্তর কোরিয়া (৮৩.৭৬ পয়েন্ট)। তার ওপরে রয়েছে তাজিকিস্তান (৮৩.৪৪ পয়েন্ট), চীন (৮০.৯৬ পয়েন্ট) ও সিরিয়া (৮১.৩৬ পয়েন্ট)।

আপনার মন্তব্য

আলোচিত