সিলেটটুডে ডেস্ক

২২ এপ্রিল, ২০১৬ ১৩:৫০

লেখক সৈয়দ শামসুল হক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।  যুক্তরাজ্যের লন্ডনে আগামী মঙ্গলবার থেকে তার চিকিৎসা শুরু হবে।

বৃহস্পতিবার রাত ১০টায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ যুগান্তরকে সৈয়দ শামসুল হকের ক্যান্সার ধরা পড়ার খবর জানান।

তিনি জানান, গত মঙ্গলবার লন্ডনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের (এনএইচএস) নিয়মিত চিকিৎসকের (জিপি) পরীক্ষায় সৈয়দ শামসুল হকের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। আগামী মঙ্গলবার থেকে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে তার চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে।

ফুসফুসের কান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল জানিয়ে সৈয়দ শামসুল হকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন ড. সামাদ।

তিনি বলেন, সৈয়দ হক বড় কবি-লেখক ও নাট্যকারের পাশাপাশি মৌলবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তাই তার প্রতি প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা করছি।

বর্তমানে স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে নিয়ে কবি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন।

নাটক, কবিতা, উপন্যাস সহ সাহিত্যের সব শাখায় গত কয়েক দশক জুড়ে অনন্য সৃষ্টিশিলতা দেখিয়ে ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেন এই লেখক।

প্রসঙ্গত, সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম প্রধান এ সাহিত্যিক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান।

আপনার মন্তব্য

আলোচিত