সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৬ ০০:৪৫

বাংলাদেশে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই মি. লিয়োনপো দামঘো দর্জি দুইদিনের সফরে বাংলাদেশ এসেছেন।
 
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে পৌঁছুলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আনোয়ার হোসেন।

এরপর তিনি বুড়িমারী স্থলবন্দর থেকে সড়ক পথে রংপুর সার্কিট হাউজে যান। 

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বেসরকারি মেডিকেল কলেজ রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর বেগম রোকেয়া বিশ্বাবিদ্যালয়, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এ সময় অনেকের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভুটান হাইকমিশনের কাউন্সিলর ইয়নপেন গেইমথো, ভুটান পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেনঝিন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম, বুড়িমারী স্থলবন্দর কমিশনার হুমায়ুন হাফিজ, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন ইনচার্জ বাঁধন কুমার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

২৪ এপ্রিল বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটানে ফেরার পথে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা, স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।

আপনার মন্তব্য

আলোচিত