২৫ এপ্রিল, ২০১৬ ০০:৩২
বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর অবশেষে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। রোববার মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল বিক্রি হবে প্রতি লিটার যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকায়; যার বর্তমান মূল্য ৯৯ টাকা ও ৯৬ টাকা।
অর্থাৎ পেট্রোল-অকটেনের দাম লিটার প্রতি কমেছে ১০ টাকা। ডিজেল-কেরোসিনের দাম তিন টাকা করে কমিয়েছে সরকার। বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলের দাম উঠেছিল ১২২ ডলার। এরপর ২০১৩ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ওই সময় পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ায় সরকার।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে আরো আগেই। তাই নানা মহল থেকেই দাবি ওঠে তেলের দাম কমানোর। তবে সরকার বিষয়টি মানছিল না।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান পুষিয়ে নিতেই সরকার দাম সমন্বয় করছিল না বলে বলা হচ্ছিল।
এরআগে দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। ৩১ মার্চ এই তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো সিদ্ধান্ত নেয় সরকার।
ফার্নেস অয়েলের হ্রাসকৃত মূল্য কার্যকর হওয়ার তিনদিনের মধ্যে খবর আসে পেট্রোল-ডিজেলের দামও কমছে। তবে তখন জানা যাচ্ছিল, এর জন্য ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
আপনার মন্তব্য