সিলেটটুডে ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৬ ০০:৫২

ফুরফুরে মেজাজে মটরসাইকেল চালকেরা

দীর্ঘ দিনের দাবির পর অবশেষে জ্বালানি তেলের দাম কামালো সরকার। আর দাম কমানোর স্বস্তি এসেছে গাড়ির মালিকদের। বিশেষ করে যারা মােটর সাইকেল চালান তারা আছেন ফুরফুরে মেজাজে। দেশে প্রায় ১৪ লাখ নিবন্ধিত মোটরবাইক রয়েছে। এর বাইরে অনিবন্ধনকৃত বাইক চলে আরো কয়েক লাখ।

জ্বালানি তেলের দাম কমানোর প্রতিক্রিয়ায় বেসরকারি প্রতিষ্ঠানের সেলসম্যান হিসেবে দায়িত্বরত ফরিদ আহম্মেদ জানান, চাকরির কারণে বাইকে প্রতিদিনই প্রায় দেড় দুই লিটার তেল লাগে। শুনলাম জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। এতে খরচ কিছুটা কমবে। তবে দাম আরও বেশি কমানো দরকার ছিলো।

চাকরিজীবী সাব্বির রহমান বলেন, তেলের দাম কমলে আমাদের কোনো লাভ নেই। কারণ তেলের দাম কমলে কি বাস ভাড়া কমবে? নিত্যপণ্যের দাম কমবে? না কমবে না। দাম বাড়লে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। কিন্তু এখন দাম কমছে কেউ আর দাম কমাবে না। দাম কমানোর ফলে লাভ হবে বাস চালক ও মালিকদের এবং প্রাইভেটকার মালিকদের। তেলের দাম কমলে কারখানার মালিক, মহাজন, পাম্প মালিকদের লাভ হবে। কিন্তু কৃষকের আর সাধারণ জনগণের লাভ হবে না। তাই সরকারের উচিত মনিটরিং ব্যবস্থা জোড়দার করে গণপরিবহনের ভাড়াসহ সংশ্লিষ্ট পণ্যের দাম কমিয়ে এর সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া।

এদিকে তেলের দাম কমলে গণপরিবহনের ভাড়া কমবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি রাজধানীর এলেনবাড়িতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে গণপরিবহনের ভাড়া সমন্বয় করার কথা ভাবছে সরকার।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের দাম কমানো সংক্রান্ত আদেশ জারি করে। বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর এ দাম কামালো সরকার। ১০ টাকা কমিয়ে নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল বিক্রি হবে প্রতি লিটার যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকায়। যার বর্তমান মূল্য ৯৯ টাকা ও ৯৬ টাকা। আর ডিজেল-কেরোসিনের দাম তিন টাকা করে কমিয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন এই দর কার্যকর হবে।

আপনার মন্তব্য

আলোচিত