সিলেটটুডে ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৬ ১৪:১৫

তনু হত্যার রিট শুনানি নিয়মিত বেঞ্চে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১২, ১৮ ও ২০ এপ্রিল আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ। এরপর আবেদনকারী আইনজীবী ফের বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে যান। পরে আদালত মামলাটি সুপ্রিম কোর্টের অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। আদালতে আবেদনকারী আইনজীবী ইউনুচ আলী আকন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করবো। গত ০৩ এপ্রিল সকালে তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। এ ঘটনায় খুনিদের গ্রেপ্তার না করায় রিট আবেদনটি করা হয় বলে জানান সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

রিট আবেদনে হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিটি, পরিবারকে হয়রানি না করা, ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ নারীদের নিরাপত্তা বিধানের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসিসহ সংশ্লিষ্ট আটজনকে।

আপনার মন্তব্য

আলোচিত