২৫ এপ্রিল, ২০১৬ ১৭:১৩
সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সদস্য মোহাম্মদ সাদিককে পিএসসির চেয়ারম্যান নিযুক্ত করেছে সরকার।
মোহাম্মদ সাদিকের জন্ম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়।
সোমবার (২৫ এপ্রিল) সাবেক এই সচিবকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পিএসসির চেয়ারম্যান হিসেবে তিনি ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। ইকরাম আহমেদের চাকরির মেয়াদ গত ১৩ এপ্রিল শেষ হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন।
কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলে এই নিয়োগ কার্যকর হবে।
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন সাদিক।
১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
আপনার মন্তব্য