সিলেটটুডে ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৬ ২৩:১১

বিএনপি-জামায়াতের ইন্ধনে দেশে হত্যাকাণ্ড চলছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের ইন্ধনে দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে।

রাজধানীর কলাবাগানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মনির খালাত ভাই জুলহাস মান্নানসহ দু’জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যার ঘটনার প্রতি ইঙ্গিত করেই প্রধানমন্ত্রী সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা ৫ জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে শত শত মানুষ হত্যা করেছে, পরবর্তীতে সরকার উৎখাতের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তাদের ইন্ধনেই এসব হত্যাকাণ্ড হচ্ছে।

তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশকে অস্থিতিশীল করে তুলতে ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে তারা (জামায়াত-বিএনপি) এ ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে।

এসব ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলার কোনো অবনতি হয়নি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের হত্যাকাণ্ডে দেশের আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার বিকেলে কলাবাগানের লেক সার্কাসের বাসায় জোর করে ঢুকে জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে হত্যা করে অজ্ঞান খুনীরা। জুলহাস সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে কাজ করতেন। 'রুপবান' নামক তার সম্পাদিত একটু ম্যাগাজিন রয়েছে। তিনি ইউএসএইডে কর্মরত। মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তাও ছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত