২৯ এপ্রিল, ২০১৬ ১৪:৪২
বন্যাকবলিত হাওর অঞ্চলকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সৈয়দ আবুল মকসুদ।
শুক্রবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাপা, গ্রিন ভয়েস, হাওর অঞ্চলবাসী, আইনের পাঠশালা, ভাটিবাংলা সংস্কৃতি পরিষদ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
দাবিগুলো হলো- বন্যাকবলিত এলাকায় অনতিবিলম্বে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, পরবর্তী ফসল ঘরে না ওঠা পর্যন্ত কৃষকদের ভিজিএফ কর্মসূচির অধীনে খাদ্য নিরাপত্তা দেওয়া, আগামী মৌসুমে চাষাবাদের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহ, তাদের জন্য দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ও কর্মসংস্থান কর্মসূচি চালু করা, বর্তমান ব্যাংক ও ব্যাংক বহির্ভূত কৃষি ও এনজিও ঋণ মওকুফ করা, নতুন করে চাষাবাদের জন্য বিনা সুদে নতুন কৃষি ঋণ দেওয়া।
এছাড়াও বাঁধ নিমার্ণের ক্ষেত্রে গাফিলতির জন্য দায়ী সরকারি কর্মকর্তার পদত্যাগ ও ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করা, হাওর উন্নয়ন বোর্ডকে সচল করে হাওর উন্ননের কেন্দ্রবিন্দুতে পরিণত করা, নদী ও জলাশয়কে দীর্ঘ বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দেওয়ার পরিবেশ বিধ্বংসী নীতি ত্যাগ করা প্রভৃতি।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ভাটি বাংলা সংস্কৃতি পরিষদের সভাপতি বোরহানউদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি নাজমুল ইসলাম লাকি ও সুনামগঞ্জ সমিতির সভাপতি মোজাম্মেলন হোসেন মেনন প্রমুখ।
আপনার মন্তব্য