০২ মে, ২০১৬ ০০:২৩
বাংলাদেশ থেকে জনগণের আড়াই হাজার কোটি টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়ার অপরাধে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে জেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির ভাষণে সরকারের কাছে এ দাবি জানান তিনি। মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, ‘শফিক রেহমান একজন সাংবাদিক। তিনি আমাদের (বিএনপি) সঙ্গে মাঝে-মধ্যে যোগাযোগ করলেও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তাকে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু কেন? এরপর তাকে রিমান্ডেও নেয়া হলো। তার দোষটা কী? আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় (সজীব ওয়াজেদ জয়) বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ আড়াই হাজার কোটি টাকা নিয়েছে। এগুলো জনগণের টাকা।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আপনাদের (দেশবাসী) টাকা নিয়ে তিনি (জয়) ওখানে (মার্কিন যুক্তরাষ্ট) আয়েশ করছেন। এই তথ্য শফিক রেহমান সংগ্রহ করেছেন। সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ করাই একজন সাংবাদিকের কাজ। কিন্তু তিনি সে তথ্য কোথাও প্রচারও করেন নাই, লেখেনও নাই, কিচ্ছু করেন নাই। তারপরও তাকে ধরা হলো। তবে শফিক রেহমানকে না ধরলে আজকে আপনারা (দেশবাসী) জয়ের এই টাকার কথা জানতে পারতেন না।’
খালেদা জিয়া বলেন, ‘শফিক রেহমান ওই সংক্রান্ত যেসব কাগজপত্র সংগ্রহ করেছিলেন, তার বাড়ি থেকে সেসব নিয়ে যাওয়া হয়েছে। তারা (সরকার) মনে করেছে, কাগজপত্র নিয়ে গেলেই বোধ হয় সবকিছু শেষ। কিন্তু সেটা তাদের ভুল ধারণা। এই কাগজ আজ শুধু বাংলাদেশের মধ্যে নেই। আমেরিকাতে তো আছেই, পৃথিবীর আরো অনেক দেশেও আছে। কাজেই এটা (যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে জয়ের টাকা) আর চাপা দেয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘এফবিআই (মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) তাদের তদন্তে এটা পেয়েছে। কিন্তু তারপরও শফিক রেহমান এটা প্রকাশ করে নাই। তাহলে শফিক রেহমানের দোষটা কোথায়? এখন এর সঙ্গে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জড়ানো হয়েছে। এই দুইজন মিলে নাকি জয়কে গুম ও হত্যা করতে চেয়েছিল। এ সংক্রান্ত অভিযোগ ‘ভুয়া’ হওয়ায় আমেরিকার আদালত তা বাতিল (খারিজ) করে দিয়েছে।’
বিএনপির চেয়ারপারসন অবিলম্বে শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমান মান্নাসহ দলটির কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনি যদি তাদের মুক্তি না দেন এবং আপনি যদি সত্যি সত্যিই দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে আড়াই হাজার কোটি টাকার (বাংলাদেশ থেকে নেয়ার) অপরাধে আপনার ছেলে জয়কেও ভেতরে (জেলে) নিন। তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। তা না হলে বিষয়টি সম্পূর্ণ হয় না।’
আপনার মন্তব্য