সিলেটুডে ডেস্ক

০২ মে, ২০১৬ ১৮:৫১

পিএসসি’র চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. সাদিক

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে সোমবার শপথ নিয়েছেন ড. মোহাম্মদ সাদিক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এ সময় আপিল বিভাগের বিচারপতি, পিএসসি’র সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ এপ্রিল সাবেক এই সচিবকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসি’র চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। ড.মোহাম্মদ সাদিক কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ড.মোহাম্মদ সাদিক পিএসসির চেয়ারম্যান হিসেবে ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় ইকরাম আহমেদের চাকরির মেয়াদ গত ১৩ এপ্রিল শেষ হয়। অবসরপূর্ব ছুটিতে (এলপিআর) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ সাদিক। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের (ইসি) সচিবের দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করার আগে তিন বছরেরও বেশি সময় ধরে ইসি’র সচিবের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি), বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সূত্র: বাসস।

আপনার মন্তব্য

আলোচিত