সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০১৬ ০০:৪৪

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো : পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি

পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের তুলনায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে মামলা কম হয়েছে। তাই পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

সোমবার পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যালোচনা বৈঠকে ব্লগার হত্যা মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানানো হয়, ব্লগার হত্যার ১১টি মামলার ১০টিরই বিচার শেষ হয়নি। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জঙ্গি তৎপরতা বন্ধে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন।

আইজিপি শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান “জিরো টলারেন্স”। জঙ্গি কার্যক্রম সম্পর্কে পুলিশকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ভাড়াটে, ভাসমান ও অস্থায়ী আগন্তুকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের সঠিক পরিচয় শনাক্ত করতে হবে। অপরাধী ও সন্ত্রাসী চিহ্নিত করার ক্ষেত্রে কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করতে হবে।’

সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এ বছরের প্রথম তিন মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। এতে বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট মামলা হয়েছিল ৪৪ হাজার ২১৫টি। এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মামলা হয়েছে ৪২ হাজার ২৬৯টি। সারা দেশে এ সময় খুন, দ্রুত বিচার, দাঙ্গা, ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন ইত্যাদি মামলার পরিমাণ কমেছে। তবে ডাকাতি, দস্যুতা, অপহরণ, সিঁধেল চুরি, চুরি মামলার সংখ্যা বেড়েছে। একই সময়ে মাদকদ্রব্য ও চোরাচালান দ্রব্য উদ্ধারের পরিমাণ বেড়েছে। এই সময়ে পুলিশের বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পরিমাণও বেড়েছে।

বৈঠকে জানানো হয়, জননিরাপত্তা বিধানে পুলিশ হতাহতের ঘটনায় সারা দেশে বিভিন্ন পুলিশ ইউনিটে মোট ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে একটি মামলা তদন্তাধীন রয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত ওই সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত