০৩ মে, ২০১৬ ১৩:৪৩
চতুর্থ ধাপের ৭২৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ যাচ্ছে জেলায় জেলায়।
মঙ্গলবার (০৩ মে) পাঁচটি প্রেস থেকে ব্যালট পেপার এবং নির্বাচন কমিশনের (ইসি) গোডাউন থেকে বিভিন্ন উপকরণ সরবরাহ করা হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তারা এসব নির্বাচন সামগ্রী সংগ্রহ করছেন।
আগামী ৭ মে (শনিবার) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ১০৬ ইউপিতে বিএনপি প্রার্থী নেই।
যে প্রেসগুলো থেকে ব্যালট পেপার যাচ্ছে সেগুলো হলো, গভর্মেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, বিএমটিএফ ও আর্মি প্রিন্টিং প্রেস।
ইসির উপ সচিব মো. রকিব উদ্দীন মণ্ডল জানান, ৫টি প্রেস থেকে মঙ্গলবার জেলা নির্বাচন অফিসে যাচ্ছে নির্বাচনী মালামাল। যা ভোটকেন্দ্রে পৌঁছানো হবে ৬ মে।
এ ধাপে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ হাজার ২৪৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২২ জন।
এছাড়া আওয়ামী লীগের রয়েছেন ৭২৪ প্রার্থী, বিএনপির ৬১৯ জন, জাতীয় পার্টির ১৫৬ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪২জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ১৫৪ জন প্রার্থী। অবশিষ্ট প্রার্থীগুলো অন্যান্য দল দিয়েছে।
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এ তিন পদের জন্য তিনটি পৃথক রংয়ের ব্যালট পেপার ছাপানো হয়েছে। এক্ষেত্রে প্রায় ২ কোটির বেশি ব্যালট যাচ্ছে জেলায় জেলায়।
দেশের সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ভোট। এরপর ৪ জুন ষষ্ঠধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে এবারের ইউপি নির্বাচন সম্পন্ন হবে
আপনার মন্তব্য