০৩ মে, ২০১৬ ১৭:২২
সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারকৃত যে আট বাংলাদেশি দেশে ফিরে হামলার পরিকল্পনা করছিল তাদের কাছ থেকে হামলার পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু নথি জব্দ করেছে দেশটির নিরাপত্তা সংস্থা ইনটার্নাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ)। নথির শিরোনামে লেখা ছিল, ‘উই নিড ফর জিহাদ ফাইট’ অর্থাৎ, আমাদের জিহাদ প্রয়োজন।
বাংলাদেশের সংসদ সদস্য, মন্ত্রী, গণমাধ্যম ব্যক্তিত্বসহ আরো অনেকের নাম ছিল তাদের খুনের তালিকায়। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিমান বাহিনী, নৌ-বাহিনী এবং র্যাব সদস্যদের ওপর হামলার পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের। এছাড়া কিছু পুলিশ কর্মকর্তা এবং অমুসলিমও তাদের হামলার টার্গেট ছিল।
যেসব লোকজন তাদের হামলার লক্ষ্য ছিল তারা হলেন: বিজিবি সদস্য, র্যাব সদস্য, পুলিশ, তদন্ত সংস্থা সিআইডি সদস্য, বিমান বাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা, সংসদ সদস্য, মন্ত্রী চেয়ারম্যান, সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা (জেনারেল এবং সচিব পর্যায়ের), সরকারি দলের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং অমুসলিম।
এছাড়া অস্ত্র ও বোমা তৈরি সংক্রান্ত একটি পুস্তিকাও পাওয়া গেছে তাদের কাছে। এতে বাংলায় রাইফেল চালানোর নির্দেশিকা ও বোমা ব্যবহার বিষয়ক নিয়ম কানুন লেখা ছিল। আইএসে এবং আল কায়েদা সংক্রান্ত কাগজপত্রও উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে।
উল্লেখ্য, বর্তমানে সিঙ্গাপুরে প্রায় এক লাখ ৬০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ দেশটিতে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তারের ঘটনায় বসবাসরত বাকি বাংলাদেশিরা আছেন লজ্জা আর চাকরি হারানোর ভীতির মধ্যে। তার ওপর নতুন করে এই তাদের জন্য আরো বিপদ ডেকে আনতে পারে।
আপনার মন্তব্য