সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০১৬ ১৮:০৯

বাস ভাড়া কমছে ৩ পয়সা, ১৫ মে থেকে কার্যকর

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতি কিলোমিটারে ভাড়া ৩ পয়সা কমিয়েছে সরকার। ডিজেলচালিত দূরপাল্লর বাস ও মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটার ১ টাকা ৪৫ পয়সা থেকে ৩ পয়সা কমিয়ে ১ টাকা ৪২ পয়সা করা হয়েছে।  

এই নতুন হার ঠিক করে দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলেছে, আগামী ১৫ মে থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

তবে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে না। অর্থাৎ, ঢাকা ও চট্টগ্রামে পাবলিক বাসের যাত্রীরা ভাড়া কমার সুফল পাবেন  না।

গত রোববার অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা করে কমানো হয়, যা কার্যকর হয় ওইদিন মধ্যরাত থেকেই।

এই হারে তেলের দাম কমায় সাধারণ যাত্রীদের যে কোনো লাভ হবে না, তা জানিয়ে ওই সময়ই অসন্তোষ প্রকাশ করেছিলেন যাত্রী অধিকারকর্মীরা।

তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়া কতো কমবে- সে সিদ্ধান্ত নিতে সোমবার এলেনবাড়ীতে  মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএর ভাড়া বিশ্লেষণ কমিটি।

ওই সভায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া তিন পয়সা করে কমানোর প্রস্তাব করে বিআরটিএ। অন্যদিকে পরিবহন মালিকরা দুই পয়সা কমানোর প্রস্তাব দিয়ে বলেন, এর বেশি হলে তাদের ব্যবসায় ক্ষতি হবে।

সভার সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানোর পর মঙ্গলবার প্রতি কিলোমিটারে তিন পয়সা ভাড়া কমানোর প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ।

উল্লেখ্য, গত সোমবার কিলোমিটার প্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করে বিআরটিএ। কারণ দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমায় তার এ প্রস্তাব করে।

আপনার মন্তব্য

আলোচিত