সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৬ ১৯:৩০

সাঈদীকে ‘মুক্তিযোদ্ধা’ দাবি, হবু ইমামকে পিটিয়ে পুলিশে দিলেন মুসল্লীরা

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘মুক্তিযোদ্ধা দাবি করায়’ সাতক্ষীরায় ইমামের পরীক্ষা দিতে আসা এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শেখপাড়ায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এমদাদ হোসেন শেখ জানান।

শেখ আজমির হোসেন (৩০) নামের ওই যুবক শেখপাড়া জামে মসজিদে ইমাম নিয়োগের পরীক্ষা দিতে এসেছিলেন।

শেখপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, জুমার নামাজের খুতবার আগে আলোচনা করতে বসে মৌখিক পরীক্ষা দিতে আসা শেখ আজমির বক্তব্য দেওয়া শুরু করেন।

“আলোচনায় আজমির বলেন, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু- সবাই রাজাকার। মুক্তিযোদ্ধা ছিলেন দেলাওয়ার হোসেইন সাঈদী।”

মজিদ জানান, ওই সময় নামাজে আসা লোকজন আজমিরকে বাধা দিয়ে মূল খুতবা শুরু করে নামাজ শেষ করতে বলেন।

“মসজিদে আসা লোকজন নামাজ শেষে ওই বক্তব্যের কারণ জানতে চাইলে আজমির উত্তেজিত হয়ে বলেন, ‘যা বলেছি তা ঠিক বলেছি’।”

এরপর স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেন বলে আব্দুল মজিদ জানান।

ওসি এমদাদ হোসেন শেখ জানান, আজমির স্থানীয় লুৎফর রহমানের ছেলে। ২০১৩ সালে সাতক্ষীরার যখন ব্যাপক সহিংস চলছিল, সেই সময়ের একটি নাশকতার মামলার আসামি তিনি।  

২০১৩ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দিলে জামায়াত-শিবির কর্মীরা দীর্ঘদিন সাতক্ষীরায় ব্যাপক নাশকতা চালায়।

পরে আপিল বিভাগ এই যুদ্ধাপরাধীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়। সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত