সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৬ ২৩:০৯

রিজার্ভ চুরি : এবার ফিলিপিন্সের রিজাল ব্যাংক প্রধানের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় এবার তদন্তের মুখে থাকা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো তান পদত্যাগ করেছেন।

শুক্রবার (৬ মে) ব্যাংকটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এই ঘটনায় পদত্যাগ করেছিলেন। ফলে আলোচিত এই অর্থ কেলেঙ্কারিতে দুই দেশের উচ্চ পদস্থ দুই ব্যাংক কর্তা পদ ছাড়লেন।

আরসিবিসি ব্যাংকের বিবৃতিতে বলা হয়, ব্যাংকের পরিচালনা বোর্ড যেন স্বাধীনভাবে ব্যাংকের ভবিষ্যৎ ধারা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতেই লরেঞ্জো ট্যান পদত্যাগ করেছেন। তার পদে নতুন কারো নাম ঘোষণা করা হয়নি। নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত হেলেন ওয়াই ডি ব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার থেকেই তার পদত্যাগ কার্যকর হবে বলে ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

আরসিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাংকের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে পরিচালনা পর্ষদকে পূর্ণ স্বাধীনতা দিতেই তিনি পদত্যাগ করেছেন।’

তবে অভ্যন্তরীণ তদন্তে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় তার বিরুদ্ধে ব্যাংকটির বিধিমালা ও নীতিমালা লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ফিলিপাইনের ইতিহাসে মুদ্রা পাচারের সবচেয়ে বড় এই ঘটনার তদন্ত শুরুর পর আরসিবিসির এই শীর্ষ নির্বাহীর পদত্যাগের আগে ব্যাংকটির ট্রেজারার ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্টর তান গত এপ্রিলে পদ ছাড়েন। তানের মতো তাকেও সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজ বিবৃতিতে তান বলেন, ‘অপরাধের অভিযোগ থেকে আমি মুক্তি পেলেও আরসিবিসির প্রেসিডেন্ট ও সিইও হিসেবে ব্যাংকের ইতিহাসে দুঃখজনক এই ঘটনার সম্পূর্ণ নৈতিক দায়ভার আমি নিচ্ছি। ভারাক্রান্ত হৃদয়ে আমি অনুভব করছি যে, সময় এসেছে সামনে এগিয়ে চলার ও অন্য কোথাও আমার সেবা দেয়ার।’

আপনার মন্তব্য

আলোচিত