০৭ মে, ২০১৬ ১২:২৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করছেন। ফলে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
শনিবার (০৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, আউখাব এলাকার বেনেটেক্স পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাস ধরে কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছেন। শনিবার শ্রমিকরা বাধ্য হয়ে চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মলর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পোশাক কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আপনার মন্তব্য