সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৬ ১৬:৫৬

মুক্তচিন্তার মানুষ খুনে সুইডেনের উদ্বেগ, আইনমন্ত্রীর দুঃখপ্রকাশ

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে ব্লগার-লেখকসহ বারবার মুক্তচিন্তার মানুষ খুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সুইডেনের অভিবাসন বিষয়ক মন্ত্রী মরগান জোহানসন। আর এসব হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক’ বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১০ মে) সচিবালয়ে সুইডেনের মন্ত্রী মরগান জোহানসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সুইডেনের মন্ত্রী ও আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মরগান বলেন, ‘বাংলাদেশ সুইডেনের বন্ধুপ্রতিম দেশ। এ দেশের মানবাধিকার পরিস্থিতি, ব্লগার হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

ব্লগার হত্যাকাণ্ডে সুইডেনের উদ্বেগের কথা জানিয়ে সুইডেনের মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব দিক আমরা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের উচিত মত প্রকাশের ক্ষেত্র প্রশস্ত করা।’ বিচারের ক্ষেত্রে সুইডেন মৃত্যুদণ্ডের পক্ষে নয় বলেও জানান তিনি।

ব্লগার হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যেসব হত্যাকাণ্ড হয়েছে সরকার সেগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ব্লগার হত্যাকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তারা ছাড় পাচ্ছে না।’

গত বছরের ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে বিজ্ঞানমনস্ক লেখক, ব্লগার অভিজিৎ রায় কুপিয়ে হত্যা করে উগ্রপন্থিরা। এর পর ধারাবাহিকভাবে উগ্রপন্থিদের হাতে নিহত হন ব্লগার রাজীব হায়দার, অনন্ত বিজয় দাশ, নিলয় নীল, ওয়াশিকুর রহমান বাবুসহ বেশ কয়েকজন মুক্তবুদ্ধি চর্চাকারী। শুধু ব্লগারই নয়, ভিন্নমতের মানুষকে টার্গেট করে খুন করছে উগ্রপন্থিরা।

গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে ফ্ল্যাটে ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার জুলহাজ মান্নানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কেও হত্যা করে তারা। খুনের পর হামলাকারীরা ‘আল্লাহু আকবর’ বলতে বলতে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গত ৫ মে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে এসব হত্যাকাণ্ডে উদ্বেগ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত