১৬ মে, ২০১৬ ০৯:৫৮
রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম মাহিনুর (২৩) ও তার মেয়ে শাহনাজ (০৫)।
রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। মধ্যরাতে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তাপস বলেন, এ ধরনে খবর আমরা এখনও পাইনি, তবে খোঁজ নেওয়া হচ্ছে।
নিহত মাহিনুরের স্বামী লাবু মিয়া জানান, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশা যোগে যাচ্ছিলেন। আকস্মিকভাবে সড়কে আইল্যান্ডের সঙ্গে রিকশাটি উল্টে গেলে তার স্ত্রী ও মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় একটি কাভার্ড ভ্যান দুই জনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
লাবু মিয়া আরও জানান, গেণ্ডারিয়া ধুপখোলা নামাপাড়া এলাকার বাসায় তার চাচাতো জামিল হোসেন বেড়াতে এসেছিলেন। ফেরার সময় তাকে এগিয়ে দিতে মধ্যরাতে তারা পৃথক রিকশা যোগে যাচ্ছিলেন। এরই মধ্যে একই রিকশায় থাকা তার স্ত্রী ও মেয়ে এই নির্মম ঘটনার শিকার হন। এ ঘটনায় জামিলও আহত হয়েছেন।
আপনার মন্তব্য