সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০১৬ ২০:২১

শিক্ষক লাঞ্ছনায় সরকার ‘বিচলিত’, স্বরাষ্ট্রমন্ত্রী ‘ব্যথিত’

নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় সরকার বিচলিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান  খাঁন কামাল। তিনি নিজেও  ব্যথিত বলে জানান।  এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না জানতে চেয়ে হাইকোর্টে স্ব-প্রনোদিত রুলের পরই প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।


শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সাংসদসহ জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- হাইকোর্টের এমন রুল জারি ও এ ঘটনায় কিছু করার নেই- নারায়ণগঞ্জ পুলিশের এমন দৃষ্টিভঙ্গির বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, কোনো শিক্ষককেই অসম্মান করা উচিৎ নয়। এ ঘটনায় আমরা বিচলিত।

তিনি বলেন, “এ ঘটনায় আমরা সকলে বিচলিত হয়েছি, ব্যথিত হয়েছি।”

“উচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছে, আমাদের প্রতি যদি কোনও নির্দেশনা থাকে অবশ্যই আমরা সেটা দেখব। আমাদের কাছে আসুক আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব।”

বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মালিতে ঝড়ের কবলে পড়ে নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।   

তিনি বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী বিষয়টি দেখছেন এবং তিনিই ব্যবস্থা নিচ্ছেন। আমাদের প্রতি যদি কোনও অনুরোধ করেন সেটা আমরা দেখব।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “আমরা যেটা বলতে চাই, আমিও ব্যক্তিগতভাবে স্কুলে-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ে এখানে এসেছি। “শিক্ষকরা আমাদেরও খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা মনে করি শিক্ষকদের সবাই সম্মান করেন, শ্রদ্ধা করেন।”

গত ১৩ মে বিকেলে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ রটিয়ে  নারায়ণগঞ্জের  কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান স্থানীয় সংসদ ও জাতীয় পার্টি নেতা সেলিম ওসমান। সেলিম ওসমান সংবাদ মাধ্যমকে বলেন, শ্যামল কান্তি ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকাবাসীর রোষ থেকে তাকে বাঁচাতে গিয়েছিলেন তিনি। তবে ভিডিওতে দেখা যায় সাংসদ সেলিম ওসমান নিজেই শিক্ষককে কান ধরে উঠবস করে শাস্তি দিচ্ছিলেন।


আপনার মন্তব্য

আলোচিত