১৯ মে, ২০১৬ ০২:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘সব ধর্মের মূল কথা মানবকল্যাণ। তাই মানবতার কল্যাণে সবাইকে কাজ করতে হবে। প্রতিটি ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনেই আমাদের ধর্মনিরপেক্ষ হতে হবে।’
বুধবার (১৮ মে ) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বৌদ্ধ নীতিবাদ ও বাংলাদেশের সমাজব্যবস্থা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, ‘বর্তমান সমাজ ধর্মের মূলনীতি বা দর্শনকে গুরুত্ব না দিয়ে মানুষ ধর্মীয় আচার-আচরণকে প্রাধান্য দেয়। ধর্মের নামে চালায় নানা অপকর্ম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে ধর্মের নামে গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘গবেষণার মাধ্যমে এসব সত্য উদঘাটন করতে হবে। সত্যকে অনুসন্ধান করাই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।’
পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো এবং ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফাদার বেঞ্জামিন কস্তা সেমিনার উদ্বোধন করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান।
আপনার মন্তব্য