সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৬ ১২:২০

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নিহত, আহত ২

কুষ্টিয়ার রাস্তায় পড়ে থাকা বোমা বিস্ফোরিত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত নায়েম কবুরহাট সর্দার পাড়ার চাম্বার সর্দারের ছেলে। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুইজন।  

শুক্রবার (২০ মে) সকালে শহরের কবুরহাটে মোটরসাইকেলে থাকা অবস্থায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত হাফিজ কবুরহাটের আব্দুল খালেকের ছেলে। তারা দুজনই কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, নায়েম ও হাফিজ সকালে বটতৈল থেকে মোটরসাইকেলে করে পোড়াদহের দিকে যাচ্ছিল। পথে কবুরহাট ব্যাপারী রাইচ মিলের সামনে তাদের কাছে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নায়েমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব্বুদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, কিভাবে, কোন কারণে এ বোমা আনা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত