সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০১৬ ১৪:৪৬

'কাগজে সই না করলে সাত খুনের মতো আমাকেও খুন করবে'

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মতো হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন নির্যাতিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষ থেকে প্রতিদিন হাসপাতালে বিশ্বজিৎ নামের একটি ছেলে এসে ওই হুমকি দিত জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সেলিম ওসমান সংবাদ সম্মেলনে যেভাবে বললেন আমাকে সে প্রাণ ভিক্ষা দিয়েছেন কথাটি সম্পূর্ণ মিথ্যা।’

তিনি আরো বলেন, ‘তিনি বরং সেদিন আমার কাছে কোনো কিছু না জিজ্ঞেস করে দু’গালে চারটি থাপ্পড় মেরে বলে সালা বাইরে চল। বাইরে এনে সবার সামনে কান ধরে উঠবস করিয়েছেন।’

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ওই শিক্ষকের জীবন বাঁচিয়েছেন দাবি করে সেলিম ওসমান বলেন, আমি যদি এটা না করতাম তাহলে তাকে কুচিকুচি করে কেটে ফেলা হতো। তাকে বাঁচিয়েছি বলে সে এবং তার পরিবার লিখিতভাবে আমাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে শ্যামল কান্তি ভক্ত বলেন, ‘এটা মিথ্যা কথা; আমি কোনো কাগজে সই করিনি। কিন্তু হাসাপাতালে চিকিৎসা নেওয়ার সময় বিশ্বজিৎ নামে একটি ছেলে আমার কাছে আমার নাম লেখা কাগজ নিয়ে আসেন আর বলেন, সই না করলে সাত খুনের মতো আমাকেও খুন করবে।’

তিনি অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। 

উল্লেখ্য,এর আগে গত শুক্রবার নারয়নগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে স্থানীয় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবস করানো হয়। 

 

আপনার মন্তব্য

আলোচিত