২৭ মে, ২০১৬ ১২:০১
বাংলাদেশীদের অভিযোগের ভিত্তিতে ভারতের ভিসা সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ব্যবস্থা হিসেবে পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভিসা ক্যাম্প চালু করতে যাচ্ছে তারা।
ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, ভারতীয় ভিসার বিপুল চাহিদা এবং ঈদের আগে যাতায়াতের বিষয়টি মাথায় রেখে ভারতীয় হাইকমিশনের এই পদক্ষেপ বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি লাঘবে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ভিসা সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে দালালদের দৌরাত্ব রোধ করা যাবে।
উল্লেখ্য, অনলাইনে ভারতে ভিসা আবেদন করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই অনলাইনে ভিসা আবেদনের প্রক্রিয়াটি নিয়ে সঠিকভাবে অবহিতও নন। অগত্যা তাদের ই-টোকেন পাওয়ার জন্য বিরাট অংকের অর্থ গুনতে হয়। আর অভিযোগের আঙ্গুল ওঠে ভারতীয় হাইকমিশনের দিকেও।
এই দীর্ঘ সমস্যা সুরাহার জন্য জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন কমপ্লেক্সে ভিসা ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। এই ক্যাম্পে গিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যে কেউ ভিসার জন্য আবেদন করতে পারেন। এর জন্য ই-টোকেনের প্রয়োজন পড়বে না। নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে ভিসার জন্য আবেদন করা যাবে। তবে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
আপনার মন্তব্য