২৯ মে, ২০১৬ ০০:৫৪
এক টাকার কয়েন আর ছোট্ট চিরকুট দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
হত্যার হুমকিপ্রাপ্ত শিক্ষক হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আতাউর রহমান।
এঘটনায় নিরাপত্তা চেয়ে রংপুরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, গত ২৬ মে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর তৃতীয় তলায় অবস্থিত চেম্বারে প্রবেশ করার সময় দরজার নিচে একটি চিঠির খাম দেখতে পান আতাউর রহমান। এসময় তিনি খামের ভিতর ‘‘Be careful. Because you have not enough time’’ লেখা সম্বলিত একটি চিরকুট এবং সাথে বাংলাদেশি এক টাকার একটি কয়েন (মুদ্রা) দেখতে পান।
চিঠিটি দেখার পর তিনি নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে ওই দিন বিকেলেই রংপুর কোতোয়ালি থানায় একটি জিডি করেন। (জিডি নং-১৭৩৩/২৬.০৫.১৬ইং)। ওই ঘটনায় তিনি মৌখিকভাবে উপাচার্য, রেজিস্টার ও প্রক্টরকে অবগত করেছেন বলে জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য