সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৬ ০০:৪০

জয়-সাফাদি ‘বৈঠকের’ ব্যাখ্যা চাইলেন ফখরুল

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেছেন, ‘মেন্দি এন সাফাদি নিজেই বলেছেন- সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে। অথচ মাহবুব-উল আলম হানিফ এটিকে সাজানো নাটক বলছেন। জয়ের সঙ্গে বৈঠক হলে সেটি সাজানো নাটক হয়, আর আসলাম চৌধুরীর সঙ্গে হলে সেটা আসল নাটক হয়। জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে। অবশ্যই করতে হবে।’

রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে সাফাদির বৈঠক নিয়ে তোলপাড়ের মধ্যেই বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাফাদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে গত বছর তার সাক্ষাৎ হয়েছিল। বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাদের কথা হয়।

বাংলাদেশ সরকার উৎখাতে সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আটক করে এরই মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও দায়ের করা হয়েছে।

বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে এমন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করতেই খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। উদ্দেশ্য, দেশনেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে বিএনপিকে ধ্বংস করা।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই জনগণের দাবি আদায় করতে হবে।

এর আগে, বিকেল ৪টা ২২ মিনিটে অনুষ্ঠানে যোগ দিয়ে দর্শক সারিতে আসন গ্রহণ করেন বেগম খালেদা জিয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের দর্শক সারিতে উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, ব্যারিস্টার হায়দার আলী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত