৩০ মে, ২০১৬ ১৪:৪২
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে জড়ো হন দলটির হাজারো নেতাকর্মী।
তবে শোকাবহ এ দিনটিতেও শৃঙ্খলা দেখাতে পারেননি তারা। তাদের বেপরোয়া আচরণের কারণে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা অপদস্থও হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সকাল ৯টা থেকেই সমাধিস্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় স্বামীর সমাধিতে বেগম জিয়া এলে নেতাকর্মীরা হয়ে উঠেন বেপরোয়া।
দলটির নেতাকর্মীদের বিশৃঙ্খলতার কারণে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির ভাইস চেয়ারমান শাহ মোয়াজ্জেম হোসেনকেও থাক্কা দিয়ে খালেদা জিয়ার পাশে এসে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করেছেন কর্মীরা।
অন্যদিকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যখন মোনাজাতে অংশ নিয়েছেন বেগম জিয়া তখনও বিব্রতকর অবস্থায় পড়তে দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে।
দেখা গেছে, খালেদা জিয়ার পাশে বা সামনে কোনোভাবেই আসতে না পেরে মহিলা দলের এক নেত্রীকে নিজ হাতে ধাক্কা দিয়ে সরাতে বাধ্য হন মির্জা আব্বাস। এমনকি মোনাজাতস্থলে দলটির নেতাকর্মীদের বেপরোয়া আচরণের কারণে অনেক নেতাকেই খালেদা জিয়ার থেকে অনেকটা দূরে দাঁড়িয়েই মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।
প্রসঙ্গত, বিএনপির যে কোনো অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের বেপরোয়া আচরণের কারণে শীর্ষ নেতাদের অপদস্থ হওয়ার চিত্র স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
আপনার মন্তব্য