৩১ মে, ২০১৬ ০৯:২৮
সুন্দরবনের বনদস্যু 'মাস্টার বাহিনী' মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা নিজেদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দেবেন।
এর আগে গত রোববার দুপুরে এই আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মংলায় না আসায় আনুষ্ঠানটি স্থগিত করা হয়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আজ বিকালে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন র্যাব- ৮ এর জোনাল কমান্ডার ফরিদুল আলম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া বনদস্যুরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার বিকালে অনুষ্ঠানটি করা হবে।
গত রোববার সকালে মংলা এলাকায় র্যাবের কাছে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ তার দলের জমাকৃত ৫১টি অস্ত্র ও ৫ হাজার গুলি র্যাবের হেফাজতে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
এদিকে প্রথমবারের মতো সুন্দরবনের কোনো বনদস্যু বাহিনীর আইনশৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পণের এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাদের মতো মাস্টার বাহিনীর পথ অনুসরণ করে অন্য বনদস্যু বা জলদস্যুরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে অবৈধ অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, দসুত্যা বাদ দিয়ে বনদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরতে যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। তিনি জানান, বনদস্যুর ওই বহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মসমর্পণের আবেদন করেছিল। তার প্রেক্ষিতে গত রোববার দুপুরে মংলায় আনুষ্ঠানিকভাবে এ অস্ত্র ও দস্যুদলের আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহওয়ার কারাণে স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় তা স্থগিত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি সাপেক্ষে মঙ্গলবার বিকেলে জলদস্যু মাস্টার বাহিনী অস্ত্রসহ আনুষ্ঠানিক আত্মসমর্পন করবে।
আপনার মন্তব্য