৩১ মে, ২০১৬ ১২:৫৬
আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যা মামলায় ১১ আসামির মধ্যে ৬ জেমবি জঙ্গিকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মে) সকালে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, পলাশ ওরফে সোহেল রানা, মাহফুজুল ইসলাম ওরফে সুমন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উকিল হাসান।
মাহফুজুল আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা এবং তার নেতৃত্বে ব্যাংক ডাকাতির ওই ঘটনা ঘটে বলে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানায় পুলিশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে মিন্টু প্রধান বাদে বাকিরা জেএমবির সদস্য।
মামলার রায় দুই আসামিকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- আবদুল বাতেন, শাজাহান জমাদ্দার। এ ছাড়া বাবুল সরদার, মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত।
গত ২৫ মে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায় প্রকাশের জন্য আজকের দিন ধার্য করেন।
গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাতদল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ ৮ জন নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করে গত বছরের ১ ডিসেম্বর অভিযোগপত্র দেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সাহা।
মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন, তাদের সাতজনই নিষিদ্ধ সংগঠন জামাআ`তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই সাতজন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
আপনার মন্তব্য