সিলেটটুডে ডেস্ক

৩১ মে, ২০১৬ ১৩:১১

বরগুনায় শিশু রবিউল হত্যা মামলায় ১ জনের ফাঁসি

বরগুনায় শিশু রবিউল (১১) হত্যা মামলার একমাত্র আসামি মিরাজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে রবিউলের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ রায় দেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

রায়ে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। লাশ গুমের ২০১ ধারায় সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়ে বলা হয়, এক​ই সঙ্গে ​দুটি রায় কার্যকর হবে। মিরাজের পরিবার ওই পরিবারকে ক্ষতিপূরণ দেবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান খতিপুর এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯ মে বিচারক এই মামলার যুক্তি-তর্ক শেষে ২৬ মে রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। পরে তা আজ (৩১ মে) নির্ধারণ করেন।

এদিকে আলোচিত এই শিশুহত্যা মামলার রায় ঘোষণা করার হবে এমন খবর জানতে পেরে আজ বরগুনা জেলা জজ আদালতের সামনে বিপুলসংখ্যক উৎসুক মানুষ জড়ো হয়। আদালতের বাইরে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।

উল্লেখ্য,২০১৫ সালের ৩ আগস্ট রাতে মাছ ধরার জাল (স্থানীয় ভাষায় বুচনা) চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের ১১ বছরের শিশু রবিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

পরে তার মরদেহ লকরার খাল নামে একটি খালে ফেলে রাখে হত্যার অভিযোগে অভিযুক্ত মিরাজ। 

আপনার মন্তব্য

আলোচিত