সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৬ ০৯:৪৩

মাছরাঙা টিভি'র সিইও ফাহিম মুনয়েম আর নেই

মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর সোয়া ৬টার দিকে গুলশানে নিজের বাসায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা দাফনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম নিজেও সংবাদপত্রে কাজ করেছেন দীর্ঘদিন। সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন।

ডেইলি স্টারে থাকা অবস্থাতেই ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান ফাহিম মুনয়েম। ওই দায়িত্ব শেষে আবার ফেরেন ডেইলি স্টারে।

২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সহকর্মীরা। এক বার্তায় মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সিলেট ব্যুরো ইনচার্জ শাকির হোসাইন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত